Tag: Recitation

সম্পর্ক (সুদীপ্ত মাইতি)

বেলা-অবেলার কিছু পরিচয় –
আজও ক্ষনিকের সরণি ছাড়িয়ে,
মেদুর পাকদণ্ডী পথ বেয়ে
ছুঁয়ে ফেলে নিবিড় শিখরদেশ।
গল্পবলা এক বিকেলের হাত ধরে –
মাখে অস্তরাগের আলো,
মূলতানী রঙ নিয়ে খেলা করে
অনন্ত ইছামতীর জল।
একলা মানুষের আকাশে সেদিন –
নামে জ্যোৎস্না রাতের বাদল,
শত ঝিল্লি মুখরিত প্রান্তর
উদার হাত বাড়িয়ে, বলে –

“একা নও বন্ধু, তুমি স্বজন,
পথের পরিচয়ে আমার প্রাণের আপন।”

হারভেস্টর্ (রঞ্জিতা প্রামানিক)

দিন বুঝি শেষ হলো তবে!
পাকাধান-গন্ধ টেনে নেবো বুকে
          নবান্নের আগে………
ভেবেছিলাম এ অভ্যাস আবহমান
কাস্তে…… লাঙল……জল আর
          ফসলের গান ……

এক ফসল উঠে গেলে,
জমির লাগে নতুন রূপটান…
গর্ভে আবার পরের সন্তান…
নিকোনো উঠোনে আল্পনা
পৌষ লক্ষ্মীর পা আঁকা আঙিনা …

এখন ধান কাটা শেষে
বাতাসে পোড়া গন্ধ ভাসে!!
মাঠে মাঠে জ্বলে মৃত ধানগাছের শব !
    হা ঈশ্বর!!! এও সম্ভব!!

প্রারব্ধ (সুদীপ্ত মাইতি)

সব ঋণ শোধ হয় না।
সচেতন গণিতের নির্ভূল পথনির্দেশ
পৌঁছে দেয় না দিগন্ত প্রসারী
সবুজ সে সম্পর্কের অসীমতায়।

মাটির স্তন্যে আজন্ম লালিত
গাছ, চিরঋণী থেকে মৃত্যুতে
মাটিতেই আশ্রয় ভিক্ষা করে।
মাটিও রাখে না ঋণের হিসাব,
অবিরাম, অনন্ত সুধা ক্ষরণেই
তার যে অপার আনন্দ !

যার ভালোবাসায় স্নিগ্ধ হয়ে
ঋণী ভাবছো নিজেরে,
সেও বুঝি ঋণী হয়েছে
অন্তরে, তোমায় সিক্ত করে।

তবু নিশিভোর সাধনা অন্তে
থাকে, উত্তরাধিকারের ঋণ –
শতাব্দী পেরিয়ে ভাষার কাছে;
আমৃত্যু শোধের পর,
প্রারব্ধের ভার তখন দিয়ে যেতে হয়
আগামী কবির হাতে।

কবির কলমে :-

(প্রারব্ধের ভার বাবা দিয়ে গিয়েছেন হঠাৎই। বাবা হয়তো জানতেন না, আমার কবিতা চর্চার গোপন কাহিনী। উৎসাহও কখনো দেননি। হয়তো পচ্ছন্দ করতেন না, বা আমার সীমিত ক্ষমতার কথা জানতেন। বাবা আজ সশরীরে থাকলেও হয়তো সংকোচে দেখাতে পারতাম না। এখন আর দ্বিধাটুকু নেই। মৃত্যু তার সীমানা মুছে দিয়েছে। " প্রারব্ধ" তাই তাঁর কাছেই ঋণী থাক। )

আবার হাজারটা বছর

অনেক পুড়েছি আমি – আহিরীটোলা বা শিবপুর,
শুধু যা আলিঙ্গনটুকুই বাকি।
হিসাব নেবার মতো যথেষ্ট বৃদ্ধ আমি –
যে হিসাবটুকু বাকি – মুক্তি দিক সে আমায়।

পুড়তে পুড়তে কত রং দেখেছি;
শুধু হলুদ স্বপ্নের মতো – পানীয় – আরো ঘন হয়ে এলে মস্তিষ্কে –
কি এক দুর্বোধ্য প্রেম জেগে ওঠে।
মনে হয় পাড়ি দিই আরো হাজারটা বছর।

মনে হয় পুড়িয়ে দিই – আমার – পোড়া এই যন্ত্রনা,
হঠাৎ কেমন যেন স্বপ্ন হয়ে যায় সব  –
আমি – তুমি – আর এই পোড়া যন্ত্রনা।
বিকালের হলুদ আলোয় –
ঘরে ফেরা পরিযায়ী পাখিদের ডানার রঙে  –
আবার বাঁচতে ইচ্ছে করে।
– আবার হাজারটা বছর।

আমি নয় – ওরা

সেই এক সুর – বড় একঘেয়ে – মিনমিনে এক সুর।
অথবা সবলে উৎপাটিত কোনো –
ইতিহাসের পাতা খুঁড়ে খুঁড়ে বিবর্ণ মমির মতো।
এক – অবিনশ্বর – অদ্বিতীয় – অমোঘ।
পচা – দীর্ণ – দুস্থ – দিনের পর দিনের উদ্বৃত্ত বাসি মড়ার মতো,
এক সুর।
বড়ো প্রত্যাশিত ।
আমি নয়, আমরাও নয় – ওরা।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
  • Hello everyone, We have started our english poetry and story section with some content from our beloved kids. Please keep your blessings on them.

Recent Comments

Editorial Choice